চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর আম্বরস ও গ্যারি রাভকান
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। সেই নিয়ম মেনে ৭ অক্টোবর (সোমবার) বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে ঘোষণা শুরু হলো এ বছরের নোবেল জয়ীদের নাম। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেল প্রাইজ নামের একটি ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।
প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে ২০২৪ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। যৌথভাবে এই পুরস্কার লাভ করেছেন ভিক্টর আম্বরস এবং গ্যারি রাভকান। মাইক্রোআরএনএ এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য যৌথভাবে ভিক্টর আম্বরস এবং গ্যারি রাভকান এর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।
নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজারমূল্য ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় হবে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। এই দুই নোবেলজয়ীর মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে।
নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৪ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।
এর আগে ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বায়োকেমিস্ট কাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানী ড্রিউ উইসম্যান।
প্রতি বছর ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়।







